খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত, আহত ৪
মোঃ লায়ন ইসলাম, খানসামা দিনাজপুর (প্রতিনিধি) দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সকাল ৯ টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে উপজেলার ২নং ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি ওই এলাকার সাবেক ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মৃত্যু রহিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন অটোচালক ছিলেন এবং দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ভ্যান-অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহত বাবুর ছোট ভাই আজিজুল জানান, প্রতিদিনের মতো যাত্রী নিয়ে বিভিন্ন স্থানে যাওয়া আসা করেন। দুর্ঘটনার সময় তার অটোরিকশায় ৮ জন যাত্রী ছিলেন। টংগুয়া বড়বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক আমার বড় ভাই গুরুতর আহতে হয়ে সেখানেই মারা যায়।
এ ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বাকি ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যান।
এ বিষয়ে ওসি আব্দুল বাসেত সরদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








