ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মেডিকেয়ার জালিয়াতির মাধ্যমে ৫৪৭ মিলিয়ন ডলার আত্মসাৎ করে মধ্যপ্রাচ্যে পালিয়েও রক্ষা হলো না

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 22, 2026 - 4:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ার থেকে প্রায় ৫৪৭ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা এক অভিযুক্তকে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সমন্বিত অভিযানের মাধ্যমে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি খালিদ আহমেদ সাতারি (৫৪)। অভিযোগ অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি টেলিমার্কেটিং প্রতিষ্ঠান, টেলিমেডিসিন কোম্পানি এবং রোগী সংগ্রহকারী একটি চক্রের সহায়তায় চিকিৎসাগতভাবে প্রয়োজনহীন জেনেটিক পরীক্ষার ভুয়া বিল মেডিকেয়ারে জমা দেন। এসব পরীক্ষার প্রতিটির বিপরীতে প্রায় ২০ হাজার ডলার পর্যন্ত বিল করা হতো। তদন্তকারীদের দাবি, এভাবে তিনি মেডিকেয়ার কর্মসূচি থেকে মোট ৫৪৭ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাতের পরিকল্পনা বাস্তবায়ন করেন।

২০১৯ সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলেও জামিনে মুক্তি পাওয়ার পরও তিনি প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালে আদালতে হাজির না হয়ে তিনি দেশত্যাগ করেন এবং ভুয়া মেক্সিকান পাসপোর্ট ব্যবহার করে আত্মগোপন করেন। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি, তারযোগে প্রতারণা (Wire Fraud), অর্থপাচারের ষড়যন্ত্র এবং অবৈধ ঘুষ ও কমিশন লেনদেনসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার কয়েক দশকের কারাদণ্ড হতে পারে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তার ভাষায়, জনগণের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎকারীরা যত দূরেই পালিয়ে যাক না কেন, শেষ পর্যন্ত আইনের মুখোমুখি হতেই হবে।