যুক্তরাষ্ট্রে ব্যাংকের নিরাপত্তাকর্মী সেজে অভিনব কায়দায় ২৫ হাজার ডলার হাতিয়ে নিল দুই বাংলাদেশি
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী পরিচয় দিয়ে এক নারী গ্রাহকের কাছ থেকে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্তরা নিজেদের একটি ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। তারা ভুক্তভোগীকে জানায়, তার ব্যাংক হিসাব হ্যাকারদের টার্গেটে রয়েছে এবং অর্থ নিরাপদ রাখতে হলে তা অবিলম্বে তুলে নির্দিষ্ট ব্যক্তির হাতে দিতে হবে।
প্রতারকদের কথায় বিশ্বাস করে ওই নারী ব্যাংক থেকে নগদ ২৫ হাজার ডলার উত্তোলন করেন। পরে অভিযুক্তরা নিরাপত্তাকর্মীর পোশাক পরে তার বাসায় গিয়ে অর্থ সংগ্রহ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগীর সন্দেহ হলে তিনি পুলিশে অভিযোগ করেন। তদন্তে নজরদারি ক্যামেরার ফুটেজ, মোবাইল ফোনের তথ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে দুই বাংলাদেশিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণা, ছদ্মবেশ ধারণ এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত দুই বাংলাদেশির নাম হলো:
- সাখাওয়াত হোসেন (Sakhawat Hossain), 29
- মোহাম্মদ রুবেল মিয়া (Mohammad Rubel Mia), 36
তাদের বিরুদ্ধে ব্যাংকের নিরাপত্তাকর্মী পরিচয়ে প্রতারণা করে এক নারীর কাছ থেকে ২৫ হাজার মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।








