ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 1:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে শহরের শেরেবাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিএনপি এবং তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরে জেলা সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আহত জুলাই যোদ্ধা ফাতেমা আক্তার ও আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ সাগরের বাবা নবিউল ইসলাম এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধি ফজলে রাব্বি ও মোকাদ্দেসুর রহমান সান।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।