ঢাকা | আগস্ট ৭, ২০২৬ - ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগড়ায় পথসভায় মাইক কেড়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন, ভিন্ন ব্যাখ্যা বিএনপি নেতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 7, 2026 - 2:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের কাছ থেকে মাইক কেড়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা তাইবুল হাসান প্রকাশ্যে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুললেও অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার তাইবুল হাসান বলেন, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং কারাবাসও করেছেন। গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি সব সময়ের মতোই সাংগঠনিক বক্তব্য রাখছিলেন।
তিনি দাবি করেন, বক্তব্যে তিনি দলের শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সাংগঠনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে ছাত্রদলকে আরও সুসংগঠিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর তাঁর কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তাঁকে প্রকাশ্যে অপমান ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।
তাইবুল হাসান বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তবে অভিযোগ অস্বীকার না করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর। তিনি বলেন, র‍্যালি চলাকালে ছাত্রদল নেতা তাইবুল হাসান বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সামনে যাওয়াকে কেন্দ্র করে ব্যানার নিয়ে টানাটানিতে জড়িয়ে পড়েন। পরে পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ছাত্রদলের নেতা হয়েও বিএনপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, যা তাঁর কাছে অস্বস্তিকর ও অনভিপ্রেত মনে হয়েছে।

​তিনি আরও জানান, সে সময় তাইবুলের অসংলগ্ন বক্তব্য নিয়ে মঞ্চের বাইরে নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁর বক্তব্য দ্রুত শেষ করার উদ্দেশ্যেই মূলত এই ঘটনাটি ঘটে।
​নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর বলেন,সে সময় তাঁর বক্তব্য আমার ভালো লাগেনি, তাই আমি তাঁর কাছ থেকে মাইকটি নিয়ে নিই। তবে পরবর্তীতে বিষয়টিকে কেন্দ্র করে তাইবুলের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি তাঁর কাছে দুঃখ প্রকাশ করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম বাচ্চু, কোটাখোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।