ঢাকা | আগস্ট ১৬, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্ত ও সফল চাষিদের পুরস্কার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 16, 2026 - 11:40 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

জাতীয় মৎস্য পক্ষের প্রথম দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন মৎস্য দলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সফল মৎস্যচাষি মো. নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, মৎস্যজীবী, মৎস্য ক্রেতা-বিক্রেতা এবং মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষিদের মধ্যে পদুয়ার মো. নঈম উদ্দিন, ইসলামপুরের আলহাজ্ব নুর মোহাম্মদ তালুকদার এবং সুখবিলাস, পদুয়ার মো. মুবিনুল হক চৌধুরীকে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতার স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই মৎস্যচাষে উৎসাহ প্রদান এবং মৎস্যজীবী ও চাষিদের জীবনমান উন্নয়নে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।