ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিদেশি শিক্ষার্থী কমায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও চাকরির বাজারে চাপ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 18, 2026 - 5:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকায় দেশটির অর্থনীতি ও চাকরির বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের শরৎ সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ১ লাখ ১১ হাজার কমতে পারে। এতে মার্কিন অর্থনীতিতে প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের অর্থনৈতিক অবদান হারানোর পাশাপাশি প্রায় ৪০ হাজার চাকরি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি-ই দেন না; তারা আবাসন, খাবার, পরিবহন, স্বাস্থ্যবিমা ও অন্যান্য সেবায়ও বিপুল অর্থ ব্যয় করেন। ফলে তাদের সংখ্যা কমলে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্থানীয় ব্যবসা ও বিভিন্ন সেবা খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

২০২৫ সালের শরৎ সেমিস্টারেও নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে ১৭ শতাংশ পতন হয়েছিল, যার ফলে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক অবদান এবং প্রায় ২৩ হাজার চাকরি হারানোর হিসাব করা হয়েছিল।

শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান, প্রযুক্তি ও অন্যান্য উচ্চ দক্ষতার কর্মশক্তিতে যুক্ত হয়। তাই দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়া শুধু উচ্চশিক্ষা খাত নয়, মার্কিন অর্থনীতি ও উদ্ভাবন সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে।

বিদেশি শিক্ষার্থী কমার এই প্রবণতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, স্থানীয় ব্যবসা এবং চাকরির বাজার—সবখানেই এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে।