ঢাকা | আগস্ট ২১, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে  ভারতীয় চোরাই মোবাইলের চালানসহ ১ জন গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 21, 2026 - 4:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় নামক স্থানে ২০ আগস্ট শুক্রবার রাত ৯ টার দিকে মোবাইল চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ ও বিজিবি। অভিযান পরিচালনা করে চোরাকারবারি মোঃ এনামুল হক অন্তর (২৬) কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানাযায় উপজেলার উত্তর তিলাই ইউনিয়নের বিএসসি পাড়া বসতবাড়ির হাঁস-মুরগীর খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় ৫৫ টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করে। এসময় মোঃ এনামুল হক অন্তরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।এনামুল হক উক্ত এলাকার মো: ময়েন আলীর ছেলে।

ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের আসাদমোড় নামক স্থানে দীর্ঘদিন ধরে অবাধে ভারতীয় চোরাই মোবাইল বিক্রি হয়ে আসছিলো। রংপুর,  ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব মোবাইল ক্রয় করে নিয়ে যেত।সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছিলো একটি ভারতীয়-বাংলদেশী চোরাচালান চক্র। এভাবে দেশের অভ্যন্তরে অবৈধ ও রেজিষ্ট্রেশনবিহীন আইএমইআই (IMEI) যুক্ত চোরাই মোবাইল ফোন ছড়িয়ে পড়ছিলো। এসব ফোন ব্যবহার করে অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থানে বড় ধরণের অপরাধ করে আসছিলো।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত পুলিশের একটি আভিযানিক দল কুড়িগ্রাম-২২ বিজিবির অধীনে ধলডাংগা ক্যাম্প কমান্ডার সুবাদার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল যৌথ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেন।গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি,রিয়েলমি, ভিভোসহ ৫৫ টি ব্যবহৃত ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর অবৈধ সিজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ টাকা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন আসাদমোড় নামক স্থানটি দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিলো। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে এসব মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবির সাথে সমন্বয় করে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত  অভিযান অব্যাহত থাকবে।