ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বীরগ্রাম চারমাথা মোড়ে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসার আয়োজনে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকে সর্বস্তরের মানুষ এই সেবা নিতে মাদ্রাসায় ভিড় জমান। ক্যাম্পে দিনভর অত্র এলাকা থেকে আসা সর্বস্তরের মানুষ ও সব বয়সের রোগীদের বিনামূল্যে চোখের ছানি, নেত্রনালী, মাংস বৃদ্ধি প্রতিরোধসহ বিভিন্ন চোখের সমস্যার চিকিৎসা সেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চক্ষু চিকিৎসক উপস্থিত থেকে এসব রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদান করেন।
দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, দুস্থ ও অসহায় মানুষ অর্থের অভাবে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারেন না। এই ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্পের ফলে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পেয়ে দারুণভাবে উপকৃত হবেন।
মাদ্রাসা পরিচালক মওঃ হাসান আলীর জানান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসার এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








