ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় স্কুলে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি দশম শ্রেণির শিক্ষার্থীদের দুটি পৃথক ক্লাস নেন এবং পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় ইউএনও মো. নাজমুল হাসান দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে ক্লাস পরিচালনা করেন। ক্লাসে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চান।

ইউএনওর কাছ থেকে সরাসরি ক্লাস করার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ, শৃঙ্খলা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ইউএনও মো. নাজমুল হাসান। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনজন বৈদ্য, সিনিয়র শিক্ষক মাওলানা শওকত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।