ক্যান্সারের সঙ্গে লড়ছেন মোমেনা, চিকিৎসায় শেষ সম্বলও বিক্রি
আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাসিন্দা, মৃত রমজানের স্ত্রী মোছা. মোমেনা বিবি দীর্ঘ প্রায় চার বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও আজ তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি চরম অর্থকষ্টে নিঃস্ব হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে। প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হওয়ায় চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের সদস্যরা জানান, এ পর্যন্ত চিকিৎসা বাবদ প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। এই অর্থ জোগাড় করতে জমিজমা, গহনা, ভিটেমাটি ও ঘরের মূল্যবান জিনিসপত্র পর্যন্ত বিক্রি করতে হয়েছে। বর্তমানে পরিবারের নিত্যদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। অনাহার-অর্ধাহারে মানবেতর জীবন কাটছে তাঁদের।
স্থানীয়দের ভাষ্য, মোমেনা বিবি অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন মানুষ। আজ তিনি অসহায় অবস্থায় জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করছেন।
কান্নাজড়িত কণ্ঠে মোমেনা বিবি বলেন, “আমি বাঁচতে চাই। আমার ছেলে-মেয়েদের নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”
মানবিক সহায়তা পাঠাতে বিকাশ নম্বর: ০১৭৮৮-২৩৬৬২৬।
সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা পেলে মোমেনা বিবির চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হতে পারে এবং তিনি নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পেতে পারেন।








