রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমীতে কম্পিউটার ল্যাব উদ্বোধন
রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম আরবি ও ইংরেজি মাধ্যম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম মডেল একাডেমীতে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে কম্পিউটার ল্যাবটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও দারুল আরকাম মডেল একাডেমীর প্রধান উপদেষ্টা ড. আমিনুল হক, একাডেমীর চেয়ারম্যান সরোয়ার হোসেন, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধন অনুষ্ঠানে ড. আমিনুল হক বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এ কম্পিউটার ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শুধু বইভিত্তিক জ্ঞান অর্জন না করে, বরং তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে পারে—এ লক্ষ্যেই একাডেমীতে কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।








