ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৬ - ৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 13, 2026 - 1:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১১ যাত্রীর মধ্যে বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন। এ ঘটনায় একই গ্রামের আরও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মো. ওয়াসিম (২৩), পিতা মো. শামছুল আলম, সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। অপর ১১ যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হন।

পরে সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার বাখেরআলী ও ফরিদপুর বিওপি কমান্ডারকে ফোনে জানান, নৌকাডুবির ঘটনায় বিএসএফ সদস্যরা ১০ জন বাংলাদেশি যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফরিদপুর বিওপি কমান্ডার ও খান্দুয়া বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিকটাত্মীয় মো. ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—মো. রাসেল (২৬), মো. ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২) ও তার ২০ দিন বয়সী শিশু সন্তান, সানাউল্লাহ (৯) এবং আল আমিন (৯)।
উদ্ধার হওয়া সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার জহুরপুর (বকরীপাড়া) গ্রামের, পোস্ট নারায়ণপুরের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।

এদিকে, একই গ্রামের মো. মোস্তফা (৬০), পিতা মৃত আলতাব হোসেন, এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।