ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ পুলিশে আসছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট..স্বরাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 15, 2026 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

জিয়াউল কবীর:বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে এবং সাইবার অপরাধ কার্যকরভাবে মোকাবিলা করতে শিগগিরই একজন অতিরিক্ত আইজিপির (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

​সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশে আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাঁদের কাজে লাগিয়েই নতুন এই বিশেষায়িত ইউনিটটি গড়া হবে। বর্তমানে সিআইডি ও ডিএমপি সাময়িকভাবে সাইবার অপরাধের তদন্ত করলেও একটি স্থায়ী কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কর্মকর্তাদের আন্তর্জাতিক মানে দক্ষ করে তুলতে প্রয়োজনে বিদেশ থেকে অভিজ্ঞ প্রশিক্ষক আনা হবে বলেও জানান তিনি।
​এ ছাড়া সভায় পুলিশের পেশাগত মান ও সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা

করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পুলিশ স্টাফ কলেজের বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করাকে পদোন্নতি ও পদায়নের প্রধান শর্ত করা, কলেজে একটি পূর্ণাঙ্গ ‘গবেষণা ও উদ্ভাবন সেন্টার’ প্রতিষ্ঠা করা এবং ‘ফরেনসিক সায়েন্স’ ও ‘ফিন্যান্সিয়াল ক্রাইম’ বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা। পাশাপাশি সার্কভুক্ত দেশসমূহ এবং আন্তর্জাতিক পুলিশ অ্যাকাডেমি সংস্থার (INTERPA) অধীনে দেশ-বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী স্টাফ কলেজের ক্যাম্পাস সরেজমিনে পরিদর্শন করেন।