ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর বাঘায় ১৫৪ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক! 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 22, 2026 - 11:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী : রাজশাহীর বাঘা থানায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৫৪ বোতল স্কাফ (ফেন্সিডিল জাতীয় মাদক) সহ নাসিরুল ইসলাম ওরফে মিরাজ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (গাবতলীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসিরুল ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর পুত্র।

বাঘা থানা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) এ টি এম মাইনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মো. খালিদ হোসেনের তত্ত্বাবধানে এবং বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটক আসামির দেওয়া তথ্য ও তার দেখানো মতে নিজ বাড়ির রান্নার ঘর সংলগ্ন খড়ি রাখার ঘর থেকে আমদানি নিষিদ্ধ ১৫৪ বোতল ভারতীয় স্কাফ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে তা জব্দ করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বদা সচেষ্ট ও প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও হত্যা, চুরি এবং পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও বাঘাবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করেছেন তিনি।