ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাসপোর্ট হারালে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 22, 2026 - 11:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

নিজস্ব প্রতিবেদক: হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নিয়মে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে দ্রুত নির্ধারিত অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করার পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠাবে। নির্ধারিত সময়ে প্রতিবেদন না পেলেও জিডির কপি দিয়ে পুনঃইস্যুর আবেদন করা যাবে।
বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো বা চুরি হলে অনলাইনে রিপোর্টের পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে।

নতুন পাসপোর্টে আগের পাসপোর্ট হারানো হিসেবে রিপোর্ট করা হয়েছে—এ তথ্য উল্লেখ থাকবে এবং পুরোনো পাসপোর্টের তথ্য ডাটাবেজে ‘লস্ট/রিভোক’ হিসেবে হালনাগাদ করা হবে। একবার হারানো বা চুরি হিসেবে রিভোক করা পাসপোর্ট পরে পাওয়া গেলেও তা পুনরায় সক্রিয় বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।

সরকার বলছে, পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহার রোধ এবং মানবপাচার, অবৈধ অনুপ্রবেশসহ নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।