প্রবল বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বহু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে উপকূলীয় ও নিচু এলাকায় পানির উচ্চতা বেড়ে সড়ক ও বাড়িঘরে পানি ঢোকার খবর পাওয়া গেছে।
নিউ জার্সির উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ের প্রভাব বেশি অনুভূত হচ্ছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের পাশাপাশি উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ঝড়ের কারণে নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় যান চলাচল ও বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
কর্তৃপক্ষ উপকূলীয় ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষ ও আবহাওয়া বিভাগের সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
