যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় প্রকৃতি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও কমিউনিটির স্বাস্থ্যসচেতনতা নিয়ে ‘দেখা-সাক্ষাৎ’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় অ্যাঙ্গন পার্টি হলে প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আনসার উদ্দিন খান পাঠান প্রকৃতি, পাখি ও বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। ডা. সুমাইয়া চৌধুরী কমিউনিটির স্বাস্থ্যসচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর বক্তব্য দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আনসার উদ্দিন খান পাঠানকে সম্মাননা প্রদান। নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে কাউন্সিলওম্যান শিফা উদ্দিন তাঁর হাতে একটি স্বীকৃতিপত্র তুলে দেন। এ সময় তিনি প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে পরিবেশবিষয়ক সংগঠন ধরা (DHORA)-এর উত্তর আমেরিকা সমন্বয়ক সেলিনা উদ্দিন, কমিউনিটি সংগঠক নাসির খান পল, কাউন্সিলওম্যান শিফা উদ্দিনসহ নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন পর্যায়ের কমিউনিটি প্রতিনিধি, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম হোসেন খোকন, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাপসনিউজের হাকিকুল ইসলাম খোকন এবং দৈনিক নবোদয় ডটকম ও দেশ নিউজ২৪ ডটকমের প্রতিবেদক এমডি নাসির। তাঁদের অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করে।
আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, নৈশভোজ ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক সচেতনতা, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
