ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিউইয়র্কে শতাধিক প্রাপ্তবয়স্কদের ডে-কেয়ার কেন্দ্রে অভিযান,

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 22, 2026 - 12:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)
নিউইয়র্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের ডে-কেয়ার কেন্দ্রে অভিযান চালিয়েছে ফেডারেল ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেইডের অর্থ নিয়ে সম্ভাব্য জালিয়াতির অভিযোগে এই তদন্ত চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রুকলিন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ম্যানহাটনের বিভিন্ন স্থানে তদন্তকারী কর্মকর্তাদের তৎপরতা দেখা যায়। অভিযানের সময় কয়েকটি কেন্দ্র থেকে নথিপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে। তদন্তে শতাধিক সামাজিক ডে-কেয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সন্দেহের আওতায় রাখা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, কয়েক মাস ধরে ফেডারেল সরকারের সঙ্গে সমন্বয় করে এই তদন্ত চালানো হচ্ছে। কর্তৃপক্ষের সন্দেহ, কিছু প্রতিষ্ঠান সেবা না দিয়েও বিল জমা দেওয়া, অতিরিক্ত সেবাগ্রহীতার হিসাব দেখানো, অবৈধ আর্থিক লেনদেন এবং ঘুষের মতো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত নিউইয়র্কের সামাজিক প্রাপ্তবয়স্কদের ডে-কেয়ার সেবায় মেডিকেইড থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এই অর্থের কোনো অংশ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, বুধবার প্রকাশিত প্রতিবেদনে অন্তত দুজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। স্ট্যাটেন আইল্যান্ডের একটি পারিবারিকভাবে পরিচালিত ডে-কেয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মৃত ব্যক্তি অথবা কেন্দ্রে উপস্থিত না হওয়া ব্যক্তিদের নামে বিল জমা দেওয়ার অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, তদন্তের মূল লক্ষ্য সরকারি অর্থের অপব্যবহার বন্ধ করা এবং বয়স্কদের জন্য বরাদ্দকৃত সেবা ও সহায়তা নিশ্চিত করা। তবে এখন পর্যন্ত কতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

Inline image