ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 27, 2026 - 4:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

চট্টগ্রাম:সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবি, জিডির পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে, চট্টগ্রামের রাউজান উপজেলার জঙ্গল রাউজান এলাকায় এক প্রবাসীর পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুমের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাইফুল, মো. বেলাল (২৯) ও রফিক প্রকাশ কংকর রফিকের বিরুদ্ধে। পরিবারের জানমালের নিরাপত্তা ও ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠিকাদার মোহাম্মদ ফুল মিয়া (৪৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় নগরীর খুলশী থানাধীন নুরিয়া মাদ্রাসা গলির ৪ নম্বর রোডে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুল মিয়া অভিযোগ করেন, রাউজান উপজেলার আখিরখীল গ্রামের সাইফুল, মো. বেলাল ও রফিক প্রকাশ কংকর রফিকসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। একই সঙ্গে তাঁর কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বড় ছেলে রবিউল হোসেন ওরফে নিপন ওমানপ্রবাসী। ফুল মিয়া তাঁকে একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে ফুল মিয়া জানান, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বেলাল ও সাইফুলের পক্ষের ২–৩ জন সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর ‘সিদ্দিক আহমদের বাসভবনে’ যান। তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টা ৮ মিনিটে বেলাল তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। ফুল মিয়া ওই দাবির প্রতিবাদ জানালে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। চাঁদার টাকা না দিলে কিংবা আইনের আশ্রয় নিলে পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ফুল মিয়া।

ফুল মিয়া জানান, এসব ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৪০) করেন। তবে তাঁর অভিযোগ, জিডি করার দুই মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। বর্তমানে তাঁর পরিবার নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ও মৃত্যু আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষে ফুল মিয়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সাইফুল, বেলাল ও কংকর রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাঁর প্রবাসী ছেলের পরিবারের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।