ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমিটির সভাপতি থাকাকালে স্কুলের টাকায় এক কাপ চাও খাব না: এড. এহসান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 29, 2026 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

চট্টগ্রাম:কমিটির সভাপতি থাকা অবস্থায় স্কুলের টাকায় এক কাপ চা-ও খাব না। বিদ্যালয়ের অর্থ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।’-এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট এহসানুল হক এহসান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সভাপতি নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বৃহত্তর হোছনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইউনুচ তালুকদারের কবর জিয়ারত করেন তিনি। পরে বিদ্যালয়ে নতুন এডহক কমিটিকে বরণ করে নেওয়া ও প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট এহসানুল হক এহসান। শিক্ষক আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষানুরাগী লিয়াকত আলী মেম্বার, মিজানুর রহমান মিজান, মো. ইয়াকুব, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি জাফর আহমদ, অভিভাবক প্রতিনিধি শিবলু কুমার নাথ, আনোয়ার শাহ ও ইলিয়াস হায়দারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল হক এহসান বলেন, বিদ্যালয়ের দায়িত্বকে তিনি সম্মানের পাশাপাশি একটি বড় আমানত হিসেবে দেখেন। এ দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেবেন না। বিদ্যালয়ের অর্থ যেন বিদ্যালয়ের প্রয়োজনেই ব্যয় হয়, সে বিষয়ে তিনি সর্বোচ্চ সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইউনুচ তালুকদার যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করতে চান। এ জন্য শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি।

পরে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জানানো হয়।