ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মিশিগানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হতে যাচ্ছেন মুহিত মাহমুদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হামট্রাম্যাক শহরের পরবর্তী মেয়র হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। স্থানীয় আদালতের এক রায়ে তাঁর নির্বাচনী বিজয় স্বীকৃতির পথ পরিষ্কার হয়েছে। এর ফলে তিনি মিশিগান অঙ্গরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি এ-সংক্রান্ত রায় দেন। ২০২৫ সালের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক বছর ধরে চলা আইনি বিরোধের অবসান ঘটেছে এ রায়ের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক সংবাদমাধ্যম Local 4 এ খবর জানিয়েছে।

নির্বাচনী বিরোধের মূল বিষয় ছিল মুহিত মাহমুদের হামট্রাম্যাকে বসবাসের যোগ্যতা এবং নির্বাচনের পর পাওয়া ৩৭টি বিতর্কিত ব্যালট। আদালত বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রয়োজনীয় আবাসিক শর্ত মুহিত মাহমুদ পূরণ করেননি—এমন অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

বিচারক ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সকে বিতর্কিত ব্যালটগুলো নির্বাচনী হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। এসব ভোট যুক্ত হওয়ার পর বর্তমান মেয়র অ্যাডাম আলহারবির চেয়ে এগিয়ে যান মুহিত মাহমুদ।

৩০ অক্টোবরের লিখিত আদেশে বিচারক ম্যাকার্থি বলেন, ‘আজকের অবস্থায় মনে হচ্ছে, মুহিত মাহমুদই হামট্রাম্যাকের বৈধ মেয়র।’

আদালত আরও জানায়, সাক্ষীদের বক্তব্য এবং সব প্রামাণ্য নথি পর্যালোচনা করে বিচারক নিশ্চিত হয়েছেন যে মেয়র পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় আবাসিক শর্ত মুহিত মাহমুদ পূরণ করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, মুহিত মাহমুদের একাধিক শহরে বাড়ি রয়েছে এবং তাঁর স্ত্রী ও সন্তানরা প্রধানত ট্রয় শহরে বসবাস করেন। তবে আদালতের মতে, এসব বিষয় তাঁকে হামট্রাম্যাকের মেয়র পদে দায়িত্ব পালনের অযোগ্য প্রমাণ করে না।

২০২৫ সালের নভেম্বরের নির্বাচনের এক দিন পর হামট্রাম্যাক সিটি ক্লার্কের কার্যালয়ে খোলা খামের ভেতর ৩৭টি বিতর্কিত ব্যালট পাওয়া যায়। পরে এসব ব্যালটের বৈধতা ও গণনা নিয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়।

গত সেপ্টেম্বর মাসে আদালত ওই ব্যালটগুলো গণনার নির্দেশ দিয়েছিলেন। ১৬ অক্টোবর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স ব্যালটগুলো যাচাই ও পর্যালোচনা করে অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। এতে মুহিত মাহমুদ ২ হাজার ৮৯ ভোট এবং বর্তমান মেয়র অ্যাডাম আলহারবি ২ হাজার ৭৭ ভোট পান।

তবে মুহিত মাহমুদের আবাসিক যোগ্যতা নিয়ে আইনি চ্যালেঞ্জ চলমান থাকায় তখন নির্বাচনী ফলাফলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

গত ২২ অক্টোবর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে শুনানির পর ৩০ অক্টোবরের রায়ে আদালত সেই বিরোধের নিষ্পত্তি করেন। ফলে নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার ক্ষেত্রে শেষ আইনি বাধাও দূর হয়েছে।

এই রায়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। চূড়ান্ত প্রত্যয়ন সম্পন্ন হলে মুহিত মাহমুদ হামট্রাম্যাক শহরের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পথ সুগম হবে।