ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আপনাদের সমর্থন পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ন্যায় ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করব- ঘাগড়ায় হাফিজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 16, 2026 - 10:25 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশায় নিয়মিত গণসংযোগসহ সাধারণ জনগণের সাথে উঠান বৈঠক করে মতবিনিময় করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য, ঘাগড়া ইউনিয়নের কৃতী সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বারবার কারানির্যাতিত নেতা মোঃ হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে মতবিনিময়ে হাফিজ উদ্দিন আহমেদ
বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, জনগণের সেবক হতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে ঘাগড়া ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব। আপনাদের সমর্থন পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ন্যায় ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করব।

নিজের পারিবারিক ঐতিহ্য ও রাজনীতির আদর্শ তুলে ধরে তিনি আরও বলেন, ঘাগড়া ইউনিয়নের মানুষের সাথে আমাদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের ও আত্মিক। এই মাটির মানুষের সুখে-দুঃখে আমাদের পরিবার সব সময় পাশে ছিল, আগামীতেও থাকবে। আমার বাবা ও পরিবারের কাছ থেকে শিখেছি মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। সেই শিক্ষা ও আদর্শ ধারণ করেই আমি রাজনীতি করি। ক্ষমতার মোহ নয়, আমি সবসময় আপনাদের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘাগড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরেশোরে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা মোঃ হাফিজ উদ্দিন আহমেদ। ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা ও হাটে-বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসমর্থন সংগ্রহ করছেন।

​ ইউনিয়নের চকনজু গ্রামের সন্তান হাফিজ উদ্দিনের রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের। তিনি ময়মনসিংহ সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ময়মনসিংহ মহাবিদ্যালয় (সাবেক আক্তারুজ্জামান কলেজ) ছাত্র সংসদের নির্বাচিত সাবেক স্পিকার। এরশাদ বিরোধী ও হাসিনা সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে একাধিক মিথ্যা মামলায় বারবার কারাবরণ করেছেন। ১৯৮০-র দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে আসা এই নেতা জীবনের দীর্ঘ সময় দলের পেছনে উৎসর্গ করেছেন।

​রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। হাফিজ উদ্দিন চূড়খাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের তিনবারের নির্বাচিত ম্যানেজিং কমিটি সদস্য এবং চূড়খাই সানরাইজ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া চূড়খাই বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে তিনি সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন ইতিপূর্বে ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। স্থানীয় ভোটারদের অভিযোগ, ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে সাধারণ মানুষের বিপুল ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও তৎকালীন ক্ষমতাসীন দল জবরদস্তিমূলকভাবে তার বিজয় ছিনিয়ে নেয়।

​বারবার রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও মাঠ ছাড়েননি এই নেতা। এবারও তিনি ঘাগড়া ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে চান।