রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা
রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (১৫ নভেম্বর) উপজেলার তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নং ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩) নামের তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগিতায় ইটভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








