ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ জুয়াড়ির কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 10:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 112 বার

যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জুয়াড়িকে কারাদন্ড দেয়া হয়েছে। এসময় নগদ ১৫ হাজার ৮৪৯ টাকা ও ৪ বান্ডিল তাসসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে বৃহস্পতিবার (৭জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের হলদিহাটায় মামা-ভাগ্নে টি-স্টলে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৩ জুয়াড়িকে ৭ দিন করে এবং দোকানি শাহজালাল ওরফে জঙ্গুকে ১৫ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা শেষে তাদের চৌগাছা থানায় নেয়া হয়। সেখান থেকে সন্ধ্যার পরে একটি প্রিজন ভ্যানে করে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মামাভাগ্নে টি স্টলের মালিক শাহজালাল ওরফে জঙ্গু (৪৫), ইমরান হোসেন (২৫), মামুন হোসেন (৩২), রফিকুল ইসলাম (৩৭), মোয়াজ্জেম হোসেন (২৫), শরিফুল ইসলাম (৪০), মুন্না (২২), দেলোয়ার হোসেন (৩৬), আবুল হোসেন (৩২), জমির হোসেন (৩০), ইমন হোসেন (২৫), হারুন অর রশিদ (৩৫), রাকিব হোসেন (৩০) ও মামুন হোসেন (৩২)।

উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল বলেন, ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৩ ধারায় দোকানিকে টাকার বিনিময়ে জুয়া খেলার স্থান হিসেবে ব্যবহার করতে দেয়ার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৩ জনকে জুয়া খেলা ও দেখার অপরাধে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।