ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৯:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গ্রিসে দাবানল নিভাতে গিয়ে বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 26, 2023 - 4:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 126 বার

প্রদীপ কুমার সরকার, গ্রিস প্রতিনিধি ::গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। পাইলটের মৃত্যুর ঘটনায় সশস্ত্র বাহিনীতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরের উপর ওই দুর্ঘটনা ঘটে।
গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি কর্তৃক প্রচারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি পানি ছিটিয়ে দাবানল নেভানোর চেষ্টা করছে,

এরই মাঝে হঠাৎ এটাকে একটা পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হতে দেখা যায়। আছড়ে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়।
এক বিবৃতিতে গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদের সিএল-২১৫ বিমানটি অভিযানের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ক্যাপ্টেন ও কো-পাইলট মারা গেছেন।
নিহতরা হলেন ৩৪ বছর বয়সী স্কোয়াড্রন লিডার ক্রিস্টোস মৌলাস এবং ২৭ বছর বয়সী সেকেন্ড লেফটেন্যান্ট পেরিক্লেস স্টেফানিডিস।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ চলছে। শুষ্ক এ আবহাওয়ায় ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।
গ্রিসের রোডস পর্যটন দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে। চলে যাচ্ছে পর্যটকরাও।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারও পর্যটক দাবানাল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছে।
গ্রিসের সবচেয়ে বড় ক্রেট দ্বীপে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি আছে বলে অধিবাসীদের সতর্ক করা হয়েছে।
গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামনে আছে কঠিন দিন, যতক্ষণ না রোডস দ্বীপে তাপমাত্রা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে।

মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন না ঘটলে ‘এমন পরিস্থিতির উদ্ভব হওয়া কার্যত অসম্ভব ছিল’, বলছেন বিজ্ঞানীরা।