ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দেখা নেই সূর্যের, সকাল থেকে ঘন কুয়াশা মৌলভীবাজারে: অসহায় ছিন্নমূল মানুষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 23, 2025 - 7:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 136 বার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলা মৌলভীবাজার। ছিন্নমূল ও অসহায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি মৌলভীবাজারও শীতের প্রকোপ বেড়েছে। বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে। পুরো জেঁকে বসেছে শীত। বৃষ্টির ন্যায় ঝিরঝির করে ঘন কুয়াশা ঝরছে। তবে আজকের পরিস্থিতি অন্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে কর্মস্থল ও অফিসমুখী হয়েছেন মানুষজন। অনেক শীতের কারণে বাসায় বসে অলস সময় পার করছেন। এদিকে সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে শীতকষ্টে পড়েছে মানুষজন। গত দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে পুরো জেলায়।

অন্যান্য বছর বিভিন্ন ব্যক্তি, সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্বল বিতরন করা হলে ও এ বছর তেমন তৎপরতা দেখা যায়নি। সরকারি ভাবে বিগত বছরগুলোতে তিন-চার ধাপে কম্বল বিতরন করা হলেও এ বছর মাত্র এক ধাপে সামান্য সংখ্যক কম্বল বিতরন করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছিল, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস কমতে পারে। এসময় দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে তীব্র শীতে মৌলভীবাজার সদর হাসপাতালে রোটাভাইরাসের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে বয়োবৃদ্ধরা চিকিৎসা নিচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তর বলছে,বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মৌলভীবাজার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।

কৃষি শ্রমিক তুমিন ইসলাম বলেন, একদিকে ঠান্ডা বাতাস অন্যদিকে ঘন কুয়াশায় ঢাকা চারদিক। রাস্তা ঘাট কিছু দেখা যাচ্ছে না। ধানের জন্য জমি তৈরি করছি কিন্তু শীতের কারণে কাজে যেতে পারছি না।

ইটভাটা শ্রমিক হামিদুর রহমান বলেন, শীতের কারণে গত দু-দিন ভাটায় কাজ করতে যাইনি। আজ আরো বেশি শীত বাসায় বসে থাকলে খাব কি আবার কিস্তি পরিশোধের চিন্তা মাথায়, সে জন্য উপায় না পেয়ে কাজে যোগ দিতে বাসা থেকে বের হলাম।

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন আগামী দুই-একদিন তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে শীতের প্রকোপ থাকতে পারে। ঘন কুয়াশা কমে গেলে তাপমাত্রা আরও কমতে থাকবে। আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।