ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে আহত দুই ভাই, গ্রেফতার ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 9, 2025 - 12:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 63 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি; গভীর রাতে ককটেল বিস্ফোরণে মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) নামের সহোদর দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের সাখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।জিজ্ঞাসাবাদের জন্য ইমন (২৪) নামে একজনকে আটক করা হয়েছে।

আহত দুই ভাই ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে। বর্তমানে তাঁরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার (৯ মে) সখীপুর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় পরপর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা এসে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁদের ঢাকায় নেওয়া হয়।

আহত সহোদর দুই ভাইয়ের বাবা আবু সাঈদ মেম্বার ওই ঘটনার বর্ণনায় বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম পারভেজের ছেলে সনেট ও একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আসাদুল তাঁর ভাইয়ের পক্ষ নিয়ে মাসুম পারভেজের বাসায় গিয়ে হুমকি-ধামকি দেন। পরে রাতে মাসুম ও মঞ্জুরুল মোটরসাইকেল নিয়ে গড়বাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

তিনি আরো বলেন, বড় ছেলে মাসুম পারভেজ বর্তমানে আইসিইউতে ভর্তি। তাঁর অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় সখীপুর থানায় মামলা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানতে চাইলে এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জিজ্ঞাসাবাদের জন্য ইমন নামে একজনকে আটক করা হয়েছে।