আমরা চাই সাধারণ মানুষ ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারুক- ডিসি মুফিদুল আলম
আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহের জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুফিদুল আলম বলেন, ‘ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আগামী ২৫-২৭ মে ৩ দিন ব্যাপী যে ‘ভূমি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন – অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরও সহজ এবং জনবান্ধব করে তুলবে। এসময় তিনি ময়মনসিংহের ডিসি হিসাবে জেলার সকল নাগরিককে এই মেলায় এসে তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার আহ্বান জানান।
শুক্রবার (২৩শে মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) এর সহায়তাকারীগণের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। সভাপতির স্বাগত বক্তব্যে তিনি সভার শুরুতেই ভূমি মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই মেলার আয়োজন করা হচ্ছে। জেলার সকল উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে এই মেলা চলবে। একই সাথে মেলায় জেলার সকল উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হকসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ। এসময় বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মুফিদুল আলম ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মেলায় আগত সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও নির্দেশনা দেন।
মেলায় সেবাপ্রত্যাশীগণ নিম্নলিখিত সেবা সমূহ গ্রহণ করতে পারবেন:
১. অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন: ভূমির খাজনা পরিশোধ এবং ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার সুবিধা।
২. ই-নামজারির আবেদন গ্রহণ: নতুন নামজারি (মিউটেশন) এবং নামজারির ভুল সংশোধনের জন্য আবেদন গ্রহণ।
৩. হাট-বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন: হাট-বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন সংক্রান্ত সেবা।
৪. খতিয়ানের করণিক ভুল সংশোধন আবেদন জমা প্রদান: খতিয়ানের যেকোনো করণিক ভুল সংশোধনের জন্য আবেদন জমা দেওয়ার সুযোগ।
৫. অর্পিত সম্পত্তির লিজ নবায়ন: অর্পিত সম্পত্তির লিজ নবায়ন সংক্রান্ত সেবা।
৬. অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সরবরাহের আবেদন সংক্রান্ত সেবা: অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার সুবিধা।
৭. গণশুনানি: ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগের বিষয়ে সরাসরি কর্তৃপক্ষের সাথে আলোচনার সুযোগ। এছাড়াও মেলায় ভূমি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সেবা, সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে।
উল্লেখ্য-ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলায় ৩ দিন ব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ মে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।








