জ্যৈষ্ঠের গরমে তালের শাঁস হয়ে উঠেছে তৃষ্ণার তৃপ্তি
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:জ্যৈষ্ঠ মাসের তাপদাহে মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাপক চাহিদা পেয়েছে তালের শাঁস। আম, জাম, কাঁঠাল, লিচুর ভিড়ে গ্রামীণ জনপ্রিয় এই ফলটিও জায়গা করে নিয়েছে ভোক্তাদের তালিকায়।
সরেজমিনে দেখা গেছে, ভানুগাছ বাজারের চৌমুহনা, ১০নং পয়েন্ট ও কলেজ রোডে রাস্তার পাশে ও ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে কচি তালের শাঁস। ক্রেতারা তৃষ্ণা মেটাতে কেউ খাচ্ছেন, কেউ কিনে নিচ্ছেন বাসার জন্য।
স্থানীয় ব্যবসায়ী শাকিল মিয়া বলেন, “গরমে একটু স্বস্তির জন্য ৪০ টাকায় দুটি তাল কিনলাম।” টমটম চালক কবির মিয়া জানান, “২০ টাকায় একটি কিনেছি, দারুণ স্বাদ।”
তালের শাঁসে থাকা জলীয় অংশ দেহে পানির ঘাটতি পূরণ করে, বাড়ায় চোখের দৃষ্টিশক্তি ও মুখের রুচি। এতে রয়েছে বিভিন্ন ভিটামিন ও পুষ্টি উপাদান।
লন্ডন প্রবাসী সুমন আহমেদ বলেন, “অনেক দিন পর তালের শাঁস খেয়ে মনটা জুড়িয়ে গেল।” সাংবাদিক আহমেদুজ্জামান আলম বলেন, “এই গরমে শাঁস খেতে খুবই ভালো লাগে।”
বিক্রেতা শাহজাহান মিয়া জানান, “এ বছর আমি ১৪টি গাছ কিনেছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫০-৩০০ শাঁস বিক্রি করছি। প্রতিটি ১৫-২০ টাকায় বিক্রি হয়। গরমে সবাই শাঁস খেতে চায়, আমরাও লাভবান হচ্ছি।”
তালের শাঁসের জনপ্রিয়তা এবং স্বাস্থ্য উপকারিতা মিলিয়ে গ্রীষ্মের এই সময়টায় এটি পরিণত হয়েছে কমলগঞ্জবাসীর অন্যতম প্রিয় ফল হিসেবে।








