ঢাকা | মে ৩, ২০২৬ - ৯:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় ট্রাক জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 2, 2025 - 2:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 164 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কে মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় একাধিক ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকার মনু সেতু সংলগ্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ইজারাবিহীনভাবে বালু উত্তোলন করে আসছিল। ইজারার মেয়াদ শেষ হলেও প্রতিদিন শতাধিক ট্রাকযোগে বালু পরিবহন চলমান ছিল। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ, সংযোগ সেতু, কৃষিজমি ও সড়ক ব্যাপক ক্ষতির মুখে পড়ে। স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গত রবিবার (১ জুন) সন্ধ্যায় শমশেরনগর-চাতলাপুর সড়কে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বালুবাহী ট্রাকগুলোর সারি আটকে দেয়।

পরে সোমবার (২ জুন) সকালে ঘটনাস্থলে পৌঁছান কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডি. এম. সাদিক আল সাফিন। তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ট্রাক জব্দ করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল সাফিন বলেন,

> “ইজারা না থাকা অবস্থায় বালু উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ অবৈধ। জব্দকৃত ট্রাক ও জরিমানার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও তারা জানান, কেবল ভ্রাম্যমাণ অভিযান নয়, এই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজন নিয়মিত ও কঠোর নজরদারি। তারা দাবি জানান, নদী ও পরিবেশ রক্ষায় স্থায়ী উদ্যোগ নেওয়া হোক।