ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বৃষ্টির মধ্যেই রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে সর্বস্তরের জনতার মশাল মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 20, 2025 - 11:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

ইমন মিয়া:গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার ঘোষিত রংপুর ইপিজেড বাস্তবায়নে দ্রুত নির্মাণ কাজ শুরুর দাবীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠ থেকে বের হওয়া মশাল মিছিলে সর্বস্তরের ছাত্র-জনতার অংশ নেয়। এসময় মশাল মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক ও কুটিবাড়ি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সেখানে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রংপুর ইপিজেড) করার সিদ্ধান্ত নেয় বেপজা। সে অনুযায়ী প্রস্তাবিত এলাকার ২৫৪ একর জমি অধিগ্রহণ কাজ চলছে। এই ইপিজেডটি চালু হলে তা হবে দেশের দশম ইপিজেড। কিন্তু কতিপয় স্বার্থন্বেশী মহল ইপিজেড বাস্তবায়ন বাঁধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তারা আরও বলেন, গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড হোক এটা গাইবান্ধা তথা উত্তরের জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। তাই সকল বাঁধা-ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত অবকাঠামো নির্মাণসহ ইপিজেড বাস্তবায়নে যাবতীয় কার্যক্রম শুরুর জন্য সরকারের নিকট দাবী জানান তারা। অন্যথায় গোবিন্দগঞ্জের আপামর জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

এরআগে, গতকাল বুধবার বিকেলে ইপিজেড বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জ পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে থানা মোড় চারমাথায় ঘন্টাব্যাপী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে সর্বস্তরের জনতা।