কমলগঞ্জে মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম বিষয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত, গজল, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ ও কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, প্রধান শিক্ষক সুলমান আলী সালমান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজীবনের সর্বোচ্চ পথপ্রদর্শক। তরুণ প্রজন্মকে এই মহামানবের শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।








