ঢাকা | মে ৫, ২০২৬ - ১১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেব’ — নেসকোর বিরুদ্ধে সার্জিস আলমের হুঁশিয়ারি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 13, 2025 - 3:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃবিদ্যুৎ বিভ্রাটকে রাজনৈতিক চক্রান্ত আখ্যা, এনসিপি মুখ্য সংগঠকের তীব্র সমালোচনা

পঞ্চগড়ে বারবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার রাতে দুর্নীতি ও চাঁদাবাজ বিরোধী মোটরসাইকেল লংমার্চ শেষে শেরে বাংলা পার্ক মোড়ে আয়োজিত সমাপনী পথসভায় বক্তৃতাকালে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তিনি উত্তেজিত প্রতিক্রিয়া জানান।

সার্জিস আলম অভিযোগ করে বলেন, “একদিন নয়, দুইদিন নয়— টানা তিনদিন এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। নেসকোর মালিক এবং তার বাবাকেও জবাব দিতে হবে, কেন আমাদের প্রোগ্রামের সময় বারবার বিদ্যুৎ যায়!”

ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরও বলেন, “যারা এটা করছে, তারা রাজনৈতিক দেউলিয়া, রাজনৈতিক বেশ্যা। আমরা দেখে নেব— তাদের কলিজা কত বড়! প্রয়োজনে সেই কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এনসিপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে আবারও বিদ্যুৎ বন্ধ করা হলে “ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকতে পারবে না।” এটাকে তিনি ব্যক্তিগত কমিটমেন্ট হিসেবেও উল্লেখ করেন।

পথসভায় সার্জিস আলম নেসকোর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বলেন, “আপনারা রাজনৈতিক চাটুকার, তোষামোদকারী। এনসিপির প্রোগ্রামের সময় বারবার বিদ্যুৎ চলে যাওয়া তার প্রমাণ।”

এদিন বিকেল থেকে শুরু হওয়া লংমার্চে প্রায় এক হাজার মোটরসাইকেলে দুই সহস্রাধিক নেতা–কর্মী অংশ নেন। জেলার পাঁচটি উপজেলা প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে সমাপনী পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে মাইক লাগানোসহ ব্যাপক প্রস্তুতি নেয় এনসিপি।

১২ অক্টোবর ২০২৫
পঞ্চগড়।