ধামইরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধামইরহাট পৌর এলাকার স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী মহেশ পাল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রতন কুমার আগারওয়াল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি জনাব শহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাস্তব জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষা করতে সামাজিক ঐক্য ও রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত প্রয়োজন। তারা বলেন, সব ধর্মের মূল শিক্ষা হলো মানবকল্যাণ, তাই ধর্মীয় বিভাজন নয়— ঐক্য ও সহাবস্থানের মনোভাবই হতে হবে জাতীয় অগ্রগতির মূল চাবিকাঠি।
প্রধান অতিথি শহিদুর রহমান বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শত বাধা-বিপত্তি সত্ত্বেও এখানে বিভিন্ন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ অতিথি আলহাজ্ব হানজালা বলেন, “ধর্ম মানুষকে বিভক্ত নয়, একত্রিত করে। এই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে— তাহলেই সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব।”
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।








