ঢাকা | মে ১৪, ২০২৬ - ২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মানবিক ও জনবান্ধব প্রশাসক কমলগঞ্জের ইউএনও মাখন চন্দ্র সূত্রধর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 18, 2025 - 12:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 255 বার
রাজন আবেদীন রাজু: স্টাফ রিপোর্টার:
মানবিকতার মূর্ত প্রতীক, দায়িত্ববান প্রশাসক এই দুটি বিশেষণই যেন প্রযোজ্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধরের ক্ষেত্রে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে যেমন তিনি কঠোর, তেমনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সর্বদা প্রস্তুত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টানা চারটি দপ্তরের দায়িত্ব সামলিয়ে চলেছেন এই কর্মবীর কর্মকর্তা।
 
২০২৫ সালের ৮ জানুয়ারি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই উপজেলা প্রশাসনকে স্থিতিশীলতা ও শৃঙ্খলার পথে ফিরিয়ে আনেন। তার কর্মদক্ষতা, সততা ও মানবিকতায় তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
 
বর্তমানে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন ও জনসেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি উপজেলার প্রতিটি খাতে ব্যাপক অগ্রগতি সাধন করেছেন। গত এক বছরে তার উদ্যোগে কমলগঞ্জে কয়েক কোটির টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।
 
অবৈধ বালু উত্তোলন ও মজুদ রোধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণ, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ার বিরোধী অভিযান সবকিছুতেই রয়েছে তার বিশেষ নজরদারি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে গত এক বছরে তিনি প্রায় ১২ লক্ষ টাকার জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছেন। জুলাই-আগস্ট মাসের ভূমি ব্যবস্থাপনা পারফরম্যান্সে তিনি হয়েছেন জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড।
 
প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিকতার জায়গা থেকেও তিনি সমানভাবে প্রশংসিত। অসহায়, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান তার নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা নিরসন, রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মন্দিরে সরকারি সহায়তা নিশ্চিতকরণ সবখানেই তার সক্রিয় ভূমিকা রয়েছে।
 
শিক্ষার মানোন্নয়নে তিনি “মিট দ্য স্টুডেন্টস” কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরিদর্শন করেছেন পরীক্ষাকেন্দ্রগুলো।
 
এছাড়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেন নির্মাণ, বাজার উচ্ছেদ অভিযান, বৃক্ষরোপণ, প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান, কৃষি ও ক্লাইমেট মেলা আয়োজনসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগের কারণে কমলগঞ্জে এখন এক নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
 
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন,
 
“বর্তমান সরকারের উন্নয়নমূলক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, আইনশৃঙ্খলার উন্নতি এবং পৌরসভার সৌন্দর্যবর্ধন এসব কাজ অব্যাহত থাকবে।”
 
তার নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও মানবিক মনোভাবের কারণে স্থানীয়রা তাকে বলেনভ“মানবিক ইউএনও মাখন চন্দ্র সূত্রধর”, যার কাজের মাধ্যমে পরিবর্তিত হচ্ছে পুরো কমলগঞ্জের চিত্র।