বাড়ি ফেরা হলনা মা ও মেয়ের
মোঃ রুবেল মিয়া,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মা ও মেয়ের আর বাড়ি ফেরা হল না। বিয়ের দাওয়াত শেষে তাঁরা ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে মির্জাপুর উপজেলায় ১০ নং গোড়াই ইউনিয়নের গোড়াই শিল্পনগরীতে উড়াল সেতুর পূ্র্বপাশে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারে থাকা মা ও ১০ মাসের মেয়েশিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।
নিহত ব্যক্তিরা হলেন, ফেনীর জেলার সোনাগাছি এলাকার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তাঁর ১০ মাস বয়সী মেয়ে শিশু তাজরিয়া কবির।
গোড়াই হাইওয়ে থান পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার বিকেল ৫ টার দিকে মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেট কারের পেছনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩৩) ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা মা ও ১০ মাসের শিশু ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন প্রাইভেট কারের চালক। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাক সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারওয়ার সাংবাদিকদের বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে খুঁজে পাওয়া যায়নি। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।








