ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 11, 2026 - 3:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 193 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপরে প্যারোলে মুক্তি পেয়ে  বাবা শহীদুজ্জামান খানের জানাজার নামাজ পড়ালেন সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ খান।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কেন্দ্রীয়  কবরস্থানে বাবার জানাজার নামাজ পড়ান তিনি। রিয়াদ খান উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার সন্ধ্যায় রিয়াদ খানের বাবা শহীদুজ্জামান খান মারা যান। শনিবার সকালে শহীদুজ্জামানের বড় ছেলে অয়ন খান আইনজীবীর মাধ্যমে ছোট ভাই রিয়াদের প্যারোলে মুক্তির জন্য টাঙ্গাইল আদালতে আবেদন করেন। বিচারকের নির্দেশে পুলিশ বেলা ১১টার দিকে হ্যান্ডকাফের সঙ্গে রশি পড়িয়ে উয়ার্শী গ্রামের বাড়িতে নিয়ে আসেন। দুপুর ১২টায় গ্রামবাসীর উপস্থিতিতে গ্রামের সামাজিক কবরস্থানে বাবার জানাজার নামাজ পড়ান রিয়াদ খান।

নিষিদ্ধ ছাত্রলীগের মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে পুলিশ রিয়াদ খানকে গত বছরের ২২ ডিসেম্বর সন্ধ্যায়  উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেটের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ।