ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 25, 2026 - 3:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। রোববার সকাল ১১টায় ধাক্কামাড়া এলাকার মনোয়ারা কনভেনশন সেন্টারে এই আয়োজন হয়।

সমিতির সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির ১ নম্বর সদস্য সামসুজ্জামান বিপ্লব, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী রুবেল। অনুষ্ঠানে আরও ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবু, সহসভাপতি মাহবুব আলমসহ জেলার তিন উপজেলা থেকে আসা প্রায় এক হাজার ওষুধ ব্যবসায়ী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, মতের ভিন্নতা স্বাভাবিক, কিন্তু সেই মতকে সম্মান করার মানসিকতা না থাকলে রাজনীতি বা কোনো সভ্য সমাজ টিকে থাকে না। তিনি বলেন, মতের অমিলের কারণে কারও বাড়ি, গাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিশ্বের সব দেশেই মানুষের ভিন্নমত আছে, তবে সেটা প্রকাশের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথ রয়েছে। শক্তি দেখানো বা বেআইনি উপায়ে ক্ষতি সাধন নয়, বরং গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করাই সভ্যতার পরিচয়। কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টসদের ওপর সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানান তিনি।

সভায় বক্তারা ওষুধ ব্যবসায়ীদের সমস্যা, নিরাপত্তা ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় অংশ নেওয়া নেতারা মনে করেন, ওষুধ ব্যবসায়ীদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি। তারা বলেন, ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান এবং ব্যবসা পরিবেশ আরও শক্ত হবে।