পঞ্চগড়ে আরটিভির শীতবস্ত্র পেল দুইশত অসহায় দুস্থ ও প্রতিবন্ধী
স্নিগ্ধ খন্দকার, স্টাফ রিপোর্টারঃদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। এ অঞ্চলের অনেক দরিদ্র ও অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটান। এসব মানুষের কথা বিবেচনা করে আরটিভি শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসেছে।
রোববার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং আরটিভির সহযোগিতায় প্রায় দুইশত দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন পঞ্চগড় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। উপস্থিত ছিলেন আরটিভির পঞ্চগড় প্রতিনিধি হারুন অর রশিদ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সংশ্লিষ্টরা।
কম্বল পেয়ে খুশি নিমনগড় এলাকার ছলেজা বেগম বলেন, “কম্বলটা আমার খুব প্রয়োজন ছিল। রাতে ঠান্ডায় ঠিকমতো ঘুমাতে পারতাম না। আজ থেকে ভালো ঘুম হবে।”
প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ কুমার রায় বলেন, পঞ্চগড় একটি শীতপ্রবণ এলাকা। এখানে বহু দরিদ্র ও প্রতিবন্ধী মানুষ শীতের কষ্টে ভোগেন। তিনি আরটিভি এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটিকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি দেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলকেও পঞ্চগড়ের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।








