রাঙ্গুনিয়ায় ঘরে ঘরে ইফতার পৌঁছে দিল আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিবছরের ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি। এবার ৭ম বারের মতো সংগঠনটি ১৩৫টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের নেতৃবৃন্দরা সরাসরি বাড়িতে গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেটের ওজন ছিল ১৫ কেজি। এতে ছোলা, ডাল, তেল, পিয়াজ, আলুসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কর্মকর্তা ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, উপদেষ্টা সদস্য মোহাম্মদ এরশাদ, সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ লোকমান সওদাগর প্রমুখ।
উল্লেখ্য, জান মোহাম্মদ পাড়াস্থ ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ভিত্তিক এ সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষা, গ্রামীণ বিকাশসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।








