তানোরে আ’লীগের অফিস খুলে ইফতারের ‘খিচুড়ি’ বিতরণ
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় খুলে ইফতার বিতরণ করা হয়েছে।
এছাড়া দলটির নেতাকর্মীরা সেখানে ইফতারের জন্য খিচুড়ি পার্টির আয়োজনও করে। বৃহস্পতিবার প্রথম রোজার দিনে তাদের কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে শোনা যায়, এক নেতা বলেন, ‘অনেকদিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস। আমরা আজ ওপেনিং করলাম’। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে।’ ভিডিওতে আরো শোনা যায়, ‘তারেক জিয়াকেও বলি, আপনি এগিয়ে যান। যদি কোনোদিন আপনার কোনো সমস্যা হয়, বঙ্গবন্ধুর সৈনিকদের স্মরণ করবেন।
পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা ব্যর্থ হবে না’। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রকাশ্যে এসেছে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ভোটের পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস খুলেছে এমন সংবাদ দেখা গেছে। তাই হয়ত এখানেও পার্টি অফিস খুলে ইফতারের আয়োজন করেছে।








