চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মুসলিম উদ্দিন। বুধবার দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়া পাড়া ঈদগাহ মাঠে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মুসলিম উদ্দিন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চাওয়াই নদী থেকে বালু উত্তোলনকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের নির্ধারিত টোল আদায় করে আসছেন। গত ২১ ফেব্রুয়ারি টোল পরিশোধকে কেন্দ্র করে স্থানীয় বালু ও ট্রাক্টর ব্যবসায়ী আনিসুর রহমানসহ কয়েকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আনিসুর রহমান আক্রোশবশত পঞ্চগড় সদর থানায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন বলে দাবি করেন তিনি।
মুসলিম উদ্দিন বলেন, ২২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়। এতে তাঁর ব্যক্তিগত সুনাম ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও বলেন, পরে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযোগের বিষয়ে আনিসুর রহমানের কাছে প্রমাণ চান। এ সময় তিনি অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেননি এবং ঘটনাটিকে ভুল–বোঝাবুঝি বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মুসলিম উদ্দিন দাবি করেন, এটি চাঁদাবাজির ঘটনা নয় টোল আদায়কে কেন্দ্র করে ভুল–বোঝাবুঝি হয়েছিল। তিনি গণমাধ্যমকে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
এদিকে অভিযোগকারী আনিসুর রহমানও উপস্থিত থেকে বলেন, ঘটনাটি ভুল–বোঝাবুঝির কারণে ঘটেছিল। পরে ইউনিয়ন পরিষদে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে এবং বর্তমানে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই।
সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








