সখিপুরে হজযাত্রীদের সম্মানে বিদায় ও দোয়া অনুষ্ঠান
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলা-এ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রারত হজযাত্রীদের সম্মানে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে সখিপুর পৌরসভা-এর উদ্যোগে সখিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাখিপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-এর মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খান এমপি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় আলেমসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হজযাত্রীদের সুস্থতা, নিরাপদ যাত্রা এবং হজের সকল আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, হজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত এবং এটি মুসলমানদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ পবিত্র সফরে অংশগ্রহণ প্রতিটি মুসলমানের জন্য গর্বের। তারা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এ কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।








