হবিগঞ্জকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: আহমেদ আলী মুকিব
নিজস্ব প্রতিবেদক, জেদ্দা, সৌদি আরব : হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহমেদ আলী মুকিব বলেছেন, হবিগঞ্জকে একটি সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে। প্রবাসীদের রেমিট্যান্স এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন আনা হবে।
গত শুক্রবার সৌদি আরবের জেদ্দায় সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যকালে আহমেদ আলী মুকিব হবিগঞ্জের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জেলার যোগাযোগ ব্যবস্থা এবং ড্রেনেজ সিস্টেমকে আধুনিকায়ন করা হবে যাতে জলাবদ্ধতা নিরসন হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় জেলা পরিষদের সেবা পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। প্রবাসীরা যাতে নিজ জেলায় নিরাপদ বিনিয়োগ করতে পারেন, সেজন্য বিশেষ সেল গঠন এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দ নবনির্বাচিত এই প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আহমেদ আলী মুকিবের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পরিষদ একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করার যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও জানান যে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি বিশেষ বরাদ্দ রাখবেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা বা কমিউনিটি ক্লিনিকগুলোতে সহায়তার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পঞ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সৌদি আরব পঞ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, যুগ্ম আহবায়ক মাঈন চৌধুরী, মহান বিএনপির সভাপতি সিআইপি খেফায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, মক্কা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম হিরো, সেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, মাওলানা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন, জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং হবিগঞ্জ জেলার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সভা শেষে আহমেদ আলী মুকিব কে সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট তুলে দেন সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পরে নৈশভোজ এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








