লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া: চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন,
সভায় অতিথি ছিলেন রাজস্থলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) নুরুল আমিন। নির্বাচনের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এরশাদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোস্তফা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ হারুন, মোহাম্মদ আবছার হোসেন, নুরুল ইসলাম চাষী, মোহাম্মদ শওকত আলী কোম্পানি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভোটার ও প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মোবাইল ফোন নিষিদ্ধ, নির্বাচনী কেন্দ্রে ভোট দেওয়ার সময় কোনো ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তি মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। নির্বাচনের প্রতিটি বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম তালুকদার বলেন, “আমরা একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ ও ভোটারদের সহযোগিতা একান্ত কাম্য।”
সভায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই মতবিনিময় সভার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে।








