মির্জাপুরে কোদালের কোপে ছোট ভাই বড় ভাইকে খুন
মোঃ রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে কোদালের কোপে বড় ভাইকে খুন করেছে ছোট ভাই। এমন ঘটনা ঘটেছে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের উত্তরপাড়ায়। মূলত বিল্ডিংয়ের ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ঘটনার সূ্ত্রপাত হয়।
সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটলে মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত বড় ভাই ওই গ্রামের মৃত: কিতাব আলীর ছেলে খোরশেদ মিয়া (৬০)।
নিহতের স্ত্রী হাছনা বেগম গণমাধ্যমকে বলেন, সকালে সেদ্ধ ধান শোকানোর জন্য বাড়ির পাশেই এক ভাতিজার নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে যায় খোরশেদ। বৃষ্টির পানি ছাদে জমে থাকায় সে পানি সরাতে থাকে। এ সময় পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। পরে পানি পড়াকে কেন্দ্র করে তারই ছোট ভাই মো. রুমেজ মিয়া ওরফে রোমে তার সাথে বাকবিতণ্ডায় জড়ায়।
কারণ সেখানে বিল্ডিংয়ের নিচে রুমেজের ধানের বস্তা ছিল। একপর্যায়ে রমেজ মিয়া ওইস্থান থেকে সরে গিয়ে কিছুক্ষণ পর কোদাল নিয়ে এসে অতর্কিতভাবে তার বুকের ওপর আঘাত করলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযুক্ত রুমেজকে আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। আমাদের দুইটা টিম কাজ করছে রুমেজকে গ্রেপ্তারের জন্য।








