ঢাকা | জুন ৮, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাসী-বাহাদুরাবাদ বহুমুখী সেতুসহ ৭ দফা দাবিতে মানববন্ধন। ‎

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 7, 2026 - 3:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

আসাদুজ্জামান আহমেদ টিটু, গাইবান্ধা: গাইবান্ধা জেলায় ব্রহ্মপুত্র নদের ওপর বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত বহুমুখী সেতু নির্মাণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎৬ জুন সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎’সামাজিক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত গাইবান্ধা জেলার উন্নয়ন এখন সময়ের দাবি। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত বালাসী-বাহাদুরাবাদ বহুমুখী সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।
‎বক্তারা আরও বলেন, জেলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, আধুনিক হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, সেবার মান বৃদ্ধি ও অনিয়ম-দুর্নীতি বন্ধ করা এখন জরুরি। পাশাপাশি যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, বাস টার্মিনাল স্থানান্তর, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সকল পরিবহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপনের দাবি জানানো হয়।

‎এছাড়া ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ, পৌর কর ও পানির বিল বৃদ্ধির লাগাম টানা, এবং সামাজিক অবক্ষয় রোধে মাদক, জুয়া, পর্নোগ্রাফি ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়। আয়োজকরা জানান, এসব দাবির বাস্তবায়নে ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে।

‎মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে উন্নয়ন দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।