মালদ্বীপে ইলিয়াস খানকে প্রবাসীদের ব্যতিক্রমী সম্মাননা
মালদ্বীপ প্রতিনিধি : জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস খান-কে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা ব্যতিক্রমী সম্মাননা ও সংবর্ধনা দিয়েছেন।
সম্প্রতি সফরে মালদ্বীপে পৌঁছে তিনি রাজধানী মালের পার্শ্ববর্তী আইল্যান্ড হুলোমালতে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পক্ষ থেকে তাকে মালদ্বীপের ইতিহাস, সংস্কৃতি, পর্যটন শিল্প ও ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে প্রকাশিত একটি তথ্যসমৃদ্ধ গ্রন্থ উপহার দেওয়া হয়।
উপহার গ্রহণ করে ইলিয়াস খান প্রবাসীদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা শুধু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানই রাখছেন না, বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সুনামও সমুন্নত রাখছেন।
এ সময় প্রবাসীরা মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কার্যক্রম, কর্মপরিবেশ এবং জীবন-জীবিকার নানা অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।
প্রবাসীদের এই ব্যতিক্রমী সম্মাননা প্রবাসী বাংলাদেশি সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাংবাদিক ইলিয়াস খানের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।








