চন্দ্রঘোনা ফেরিঘাটে দুই বস্তা চোলাই মদসহ যুবক গ্রেফতার
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই বস্তা দেশীয় তৈরি চোলাই মদসহ আবুল বাসার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল বাসার ফেরিঘাট ব্রিকফিল্ড এলাকার নূরুল আলমের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা দিয়ে চোলাই মদের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা প্রথমে ওই মাদক ব্যবসায়ীকে দুই বস্তা মদসহ হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি রাঙ্গুনিয়া মডেল থানাকে অবহিত করা হলে থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিনের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার মোস্তফা এবং এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবুল বাসারকে ওই দুই বস্তা চোলাই মদসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আবুল বাসার স্বীকারোক্তি দিয়েছে যে, সে গত তিন মাস ধরে চন্দ্রঘোনা আধুর পাড়া এলাকার মাদক কারবারি দেলোয়ারের নির্দেশে এই চোলাই মদ পাচার ও সরবরাহের কাজের সাথে জড়িত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার সেকেন্ড অফিসার মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই চক্রের মূল হোতা দেলোয়ারসহ জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জানান, রাঙ্গুনিয়ার অভিভাবক হুম্মাম কাদের চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাঙ্গুনিয়ায় কোনো ধরনের মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।








